অপরাজিতা
জাসমিনা খাতুন
এই যে অপরাজিতা— দেখো, কী সুন্দর!
তার নামের ভেতরেই যেন এক পেয়ালা তৃপ্তি,
এক আকাশ নীল নীরবতা।
কত পিঁপড়ে ঘুরে বেড়ায় তার চারপাশে,
গর্ভাশয়ের গভীরে কিলবিল করে পোকাদের ঠোঁট,
তবু সে ধৈর্য ধরে ফুটে থাকে।
সে জানে— আর একটু পরেই ঝরে যাবে,
হয়তো তারও একটু পরে।
প্রকৃতি জানে, অপরাজিতাও জানে—
ফুলের নিয়তি ঝরে যাওয়া।
তবুও সে হাসে,তবুও সে সুন্দর হয়ে ফুটতে ভালোবাসে।
কারণ ফুটে ওঠাই তার প্রার্থনা, সৌন্দর্যই তার নীরব ইবাদত।
বল, প্রকৃতি— তুমি বলো! বল, ধর্ম— তুমি বলো।
পাপ কোথায়…? পূর্ণতা কোথায়…?
সে তো শুধু ফুটেছে— হয়তো তোমার জন্য,
হয়তো আমার জন্য, হয়তো বা শুধু নিজের অস্তিত্বের আনন্দে।
ঝরে যাবে—ঝরে যাবে,এটাই নিশ্চিত।
তবু ঝরে যাওয়ার আগে সে পৃথিবীকে দিয়ে যায়
তার নীল রঙের একটুখানি প্রার্থনা।
হেরে গিয়েও সে জিতে গেছে—দেখো, কী নাম পেয়েছে!
কী সুন্দর নাম— অপরাজিতা!
বিশ্ব-বাগানে কী অপূর্ব রূপ পেয়েছে সে, প্রকৃতির বুক থেকে উঠে এসে প্রকৃতিকেই করেছে আরও সুন্দর।
মানুষও তার প্রেমে পড়ে, দেবতাও হয়তো নত হয়
তার চরণে—উত্তপ্ত আত্মার নিঃশব্দ আত্মনিবেদনে।
আমি-ও অপরাজিতা হবো। ফুটে ওঠার আনন্দে।
প্রকৃতি, তোমার সুন্দর নামে আমি তোমাকে সাজাবো।
তোমার নীল আকাশে আমার আত্মার একটি ফুল ফুটিয়ে রাখব।
আমি-ও অপরাজিতা হবো— ঝরে যাব জেনেও
ফুটব, হাসব, ভালোবাসব ।
বারবার তোমারি নিয়মে প্রকৃতি আমি তোমারই কাছে ফিরে আসব আমি অপরাজিতা হব ।
রামপুরহাট,বীরভূম, ভারত
২৭/০৯/২০২৬
#everyonehighlightsfollowers #macedonianecologicalsociety #everyonefollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #bangla #jasmina khatu
#jasmina khatun
