পরাজয়
জাসমিনা খাতুন
বুকের আকাশ খুলে বলল, ইচ্ছেমতো খেলা করো, ইচ্ছেমতো আমাকে টুকরো টুকরো করে ভাঙো, আঁচড় কাটো বুকে, পিঠে, ঠোঁটে, আমাকে মেখে ফেলো তোমাতে কাদা-মাটির মতো করে। তারপর নাকের কাছে নাক নিয়ে এসে ঘষতে ঘষতে বলল, এবার প্রিয়, তুমি প্রিয় মুখে হাসো, আমার চোখে চোখ রেখে. হাসো ..
আদরের আদর দিয়ে আমাকেও একবার একটুখানি ভালোবাসো…
এত আলো, এত প্রেম, এত গভীর অনুভূতির অনুভব পাইনি তো আগে। এই প্রথম, ভয়াবহ ভয় পেলাম—যদি পেয়ে যাই এত সহজে তোমাকে! গর্জে উঠল বুক, বাঁধ ভেঙে দিল অশ্রু। কার আশায় আশায় পথ চেয়ে জন্ম-জন্মান্তর অশ্রু পুষ্প-বিলাসে রাধা রাধা হবো! আমি কি সব পেয়ে যাব, সব পাওয়া কি ঠিক?
প্রেম বুঝি এমনই হয়, এমনভাবে আসে—বাঁধ ভেঙে দিতে ,সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ এক পলকে মুছে দিতে।
এ আমার জয় নয়,’ জয়’ তোমাকে পেয়ে, তোমাকে পেয়েও ধরে রাখতে পারছি না, পারলাম না, যতটা কাছে, যতটা প্রিয় করে ধরে রাখতে চেয়েছি অনন্তকাল থেকে। এ আমার পরাজয়—”জয়”, এ আমার পরাজয় তোমার ভালোবাসার সম্পূর্ণ সমর্পণের কাছে। এই প্রথম আমাকে ভালোবাসা হারিয়ে দিয়েছে ভালোবেসে। আমি সমস্ত অভিযোগ তুলে নিলাম আমার সমস্ত না-পাওয়া থেকে।
রামপুরহাট, বীরভূম, ভারত
২১/০৯/২০২৬