
ছোট্ট নাড়াচড়া
জাসমিনা খাতুন
আজ ঘুম হয়নি, সারারাত এখনো…ভুলে গেছি ঘুমোতে,মাঝে মাঝে ঘুমাতে ভুলে যাই।
বিছানার চাদর পাল্টে ফেলেছি, তবুও ঘুম আসেনি, বালিশের কভার খুলে ফেলেছি, তবুও ঘুম আসেনি…
রাত শুধু নিঃশব্দে আমার চোখের পাশে বসে রইল, আমি বসে রইলাম রাতের পাশে।
ঘুম আসার মুহূর্তে ছোট্ট একটা মাকড়সা বালিশের পাশ বেয়ে নেমে গেল,
অতি সামান্য নাড়াচড়া, অথচ আমার সমস্ত ঘুম সম্পূর্ণ একটি রাত জীবন থেকে হারিয়ে গেল।
ঠিক এইভাবেই একদিন জীবন থেকে হারিয়ে যাবে জেগে থাকা, শত চেষ্টায় ফিরে আসবে না এইভাবে জেগে থাকা।
তখন হয়তো পাশ বেয়ে নেমে যাবে শত শত মাকড়সা…
রামপুরহাট, বীরভূম, ভারত
৯/০৮/২০২৬