குக்கு ராக்கு க்குக்கு-Jasmina Khatun

চোখে রাখবো চোখ
জাসমিনা খাতুন

শরীর জুড়ে আশ্চর্য ক্ষয়ে উৎসব,
বাতাসের নোনা ঘ্রাণে গলছি,
ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে আত্মা,
তরল হয়ে নামছে মাটির কাছাকাছি।

একটু কমিয়ে আসা,
একটু ফুরিয়ে আসা,
একটু অবয়বহীন বাষ্পিত
ভেতরে ভেতরে আর কতটুকু অবশিষ্ট আছি!

দাও, আরও দাও
কার্বন , সাদাটে স্মৃতি;
শান্ত হওয়ার আগে
একবার ঠিক চোখ তুলে
চোখে রাখবো চোখ।

রামপুরহাট, বীরভূম, ভারত
১৯/০৪/২০২৬