
ঋণী
জাসমিনা খাতুন
এক মুঠো শান্তি ধার চেয়ে চেয়ে ঋণী আমি—
অদেখা আকাশের কাছে, নিঃশব্দ রাতের কাছে।
সময়ের এক একটা প্রহরের চৌকিদার, ক্লান্ত চোখে জেগে থাকে,পৃথিবীর প্রচ্ছদপটে এঁকে যায় জল রঙে ধুধু মাঠে।
বাতাসে ভাসে অনামা দীর্ঘশ্বাসের কাব্য,
শুকনো ঘাসে জমে থাকে অব্যক্ত সময়ের দাগ।
রৌদ্রের রুক্ষতায় ফেটে যায় পলি হৃদয়।
ঋণের খাতা খুলে বসি নিঃসঙ্গ বিকেলে,
শান্তির স্বাক্ষর চায় ক্লান্ত জীবনের দুটো হাত।
দিগন্তে জ্বলে ওঠে হারানো দিনের প্রদীপ,
অন্ধকারই লেখে চিরচেনা রাতের প্রপাত।
হে সময়, তুমি কি দেবে একটু আদর একটু কোমল পরশ?
নাকি এভাবেই কাটবে অনাদৃত প্রহর?
এক মুঠো শান্তি চেয়ে চেয়ে আমি আজও ঋণী—
অজানা আলোর কাছে, অনন্ত ভোরের ঘোরে।
রামপুরহাট,বীরভূম,ভারত
26/04/2026