
অনন্ত প্রেমের অঙ্গীকার
জাসমিনা খাতুন
সে আসে না কোনো ছদ্মবেশে, আসে না কোনো ত্রাসে—
সে তো আসে আমার ক্লান্ত ললাটে স্নিগ্ধ প্রলেপে।
দিনের যত হাহাকার আর শ্রান্তির গাঢ় দাগ—
তার শীতল স্পর্শে সব হয়ে যায় পবিত্র অনুরাগ।
প্রতিটি রজনী শেষে সে আমায় নতুন করে ফোটায়,
যেন এক অচিন ফুলের সুবাসে নিশিথের বায়ু ছোটায়।
কেন তাকে ভয় পাব আমি?
সে তো শ্রেষ্ঠ উপহার— একথা চিরসত্য জানি।
সে তো আমার একান্ত নিজস্ব স্বজন, আমার গোপন অলঙ্কার।
প্রকাশ্য দিবালোকে সে ছায়ার মতো সাথি,
নিঃসঙ্গ প্রহরে জ্বালায় অবিনশ্বর বাতি।
কথা দিয়েছে সে— আসবে একদিন চূড়ান্ত লগ্ন হয়ে,
ভেঙে দেবে সব কৃত্রিম বাঁধন, নীলিমার পথ বয়ে।
সেদিন আমি বিলীন হব তার অসীম সেই ঘরে,
যেখানে শান্তি আর মৌনতা একাকার হয়ে ঝরে।
মৃত্যু আমার চিরচেনা ঘর, আমার নিবিড় সংসার—
ভয় নয়, সে তো আমার অনন্ত প্রেমেরই অনন্ত অঙ্গীকার।
রামপুরহাট, বীরভূম, ভারত
৩১/০৩/২০২৬